
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা দেশের প্রথম উপন্যাস ‘কমল’এর রচয়িতা কথাসাহিত্যিক আসিফ আহমদের নতুন গ্রন্থ ‘আন্তর্জাতিক গণমাধ্যমে জিয়া’ প্রকাশিত হতে যাচ্ছে । আগামী ৭ ফেব্রুয়ারি প্রকাশনা প্রতিষ্ঠান এশিয়া পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হবে ।
এই বইটিতে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাবশালী সংবাদমাধ্যম যেমন— নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জিয়াউর রহমানকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও বিশ্লেষণের নির্বাচিত অংশ অনুবাদ ও সংকলন করা হয়েছে ।
লেখক আসিফ আহমদ জানান, বিদেশি সংবাদপত্রের এই প্রতিবেদনগুলো তাকে জিয়াউর রহমানকে নতুনভাবে বুঝতে সহায়তা করেছে । তার মতে, ‘আমরা জিয়াকে যেমনভাবে দেখেছি, আন্তর্জাতিক গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছে। একটি জাতির পরিচয় শুধু নিজের চোখে নয়, অন্যের চোখেও প্রতিফলিত হয়’। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসের এই আন্তর্জাতিক দিকটি দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছে এবং এই গ্রন্থটি সেই ইতিহাসকে নতুন করে দেখার একটি প্রয়াস ।
বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, এটি সময়ের ধূসর পাণ্ডুলিপি ভেদ করে আন্তর্জাতিক সংবাদপত্রে ছড়িয়ে থাকা বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে পাঠকদের সামনে নিয়ে আসে । বিশেষ করে অনিশ্চিত রাজনৈতিক সময়ের ভেতর দাঁড়িয়ে জিয়াউর রহমানের নেতৃত্ব, দৃঢ়তা ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার চিত্র এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ