
ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খার্গ দ্বীপের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৭ এপ্রিল) এক মার্কিন কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাকে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপিকেও বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। এরপরই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হলো।
ইরানের তেল উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে খার্গ দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ভূমিকা পালন করে। গত কয়েক সপ্তাহ ধরে দ্বীপটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন নৌবাহিনীর বিশেষ শাখা মেরিন সেনাদের পাঠিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার একটি পরিকল্পনা করছে।
হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে খার্গ দ্বীপে এই হামলা করা হলো। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও চরম আকার ধারণ করলো।
পূর্বকোণ/সিজান/পারভেজ