চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

সৌদি-বাহরাইনকে সংযোগকারী ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

সৌদি-বাহরাইনকে সংযোগকারী ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

৭ এপ্রিল, ২০২৬ | ১:০৮ অপরাহ্ণ

ইরানি হামলার আশঙ্কায় সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযুক্তকারী কিং ফাহাদ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরের দিকে এই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়।

 

কিং ফাহাদ কজওয়ে অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে যান চলাচল স্থগিত করা হয়েছে।

 

২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দীর্ঘ এ সেতুটি সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনের মধ্যে সংযোগকারী একমাত্র সড়ক পথ।

 

সেতুটি এমন এক সময়ে বন্ধ করা হলো যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরান যদি মঙ্গলবার হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয় তবে তিনি দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবেন। অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামোতে আঘাত করা হলে তারা ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলটি ইরানের প্রতিশোধমূলক হামলার মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট