
ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ২৯ জনের নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে (জিএমটি ১৫০০) নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলবর্তী পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র বা ড্রোন) চিহ্ন পাওয়া যায়নি। তাদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তথ্য বলছে কারিগরি বা যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন কাজ করছে।
এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।
পূর্বকোণ/পিআর