
উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে বিকল্প রুটে ফ্লাইট চালুর চেষ্টা করছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৪ মার্চ) দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেইজে কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইতিমধ্যেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে । এছাড়া বাংলাদেশ বিমান ও জাজিরা এয়ারওয়েজের সঙ্গেও এ বিষয়ে নিবিড় আলোচনা চলছে । তবে এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কুয়েত প্রবাসীদের জন্য সৌদি আরবের ট্রানজিট ভিসা বা প্রবেশের অনুমতি সংগ্রহ করা।
দূতাবাস জানিয়েছে, জাজিরা এয়ারওয়েজ যেভাবে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের নাগরিকদের নিজস্ব ব্যবস্থাপনায় বাসযোগে সীমান্ত পার করে কাইসুমা বিমানবন্দর থেকে ফ্লাইটে পাঠাচ্ছে, বাংলাদেশিদের জন্যও অনুরূপ ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। অতি জরুরি প্রয়োজনে যারা ভ্রমণ করতে চান, তাদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ট্রানজিট ভিসার বিশেষ উদ্যোগও চলমান রয়েছে। দূতাবাস আশা করছে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে শীঘ্রই এই ফ্লাইট কার্যক্রম শুরু হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ