
ইরান যদি অবিলম্বে আত্মসমর্পণ না করে, তবে আজ দেশটিতে ‘ভয়াবহ আঘাত’ হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি এমন কিছু এলাকা ও ব্যক্তিবর্গকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন, যা এর আগে কখনোই মার্কিন হামলার তালিকায় ছিল না।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের চরম ঔদ্ধত্য ও খারাপ আচরণের কারণে এখন এমন কিছু এলাকা এবং জনসমষ্টিকে সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর লক্ষ্যে টার্গেট করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যা এই মুহূর্ত পর্যন্ত আমাদের বিবেচনায় ছিল না।
ইরানকে লক্ষ্য করে ট্রাম্প আরও বলেন, ইরান এখন আর মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা কোনও শক্তি নয়; বরং তারা এখন মধ্যপ্রাচ্যের এক পরাজিত শক্তিতে পরিণত হয়েছে। আত্মসমর্পণ না করা অথবা পুরোপুরি ধসে না যাওয়া পর্যন্ত আগামী কয়েক দশক তাদের এই পরাজিতের গ্লানি বয়ে বেড়াতে হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার মুখে টিকতে না পেরেই তেহরান এখন নতিস্বীকার করছে। তিনি বলেন, ইরান এখন নরকের মার খাচ্ছে। তারা ইতোমধ্যে তাদের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে আর কোনও হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রচণ্ড হামলার কারণেই সম্ভব হয়েছে।
উল্লেখ্য, সকালে এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, সেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা না হলে ইরানও তাদের ওপর আর কোনও আক্রমণ করবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল
পূর্বকোণ/সিজান/পারভেজ