চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:০৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মুখে ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত ওই দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে ভারত।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এই বিশেষ সতর্কতা জারি করে। বর্তমানে ইরানে অন্তত ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।

 

তেহরানে ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে সকল ভারতীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইট বা উপলব্ধ যেকোনো যানবাহনের মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করা উচিত। একইসঙ্গে ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের বিক্ষোভের এলাকাগুলো এড়িয়ে চলতে এবং স্থানীয় গণমাধ্যমের খবরের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা এবং পাসপোর্টসহ সকল পরিচয়পত্র হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জানা গেছে, গত শনিবার থেকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে এবং রাজধানী তেহরানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।

 

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ট্রাম্প প্রশাসনের সামরিক বিমান, সৈন্য এবং গোলাবারুদ পাঠানোর হার বৃদ্ধি পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

 

আগামী বৃহস্পতিবার জেনেভায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও ওই অঞ্চলে ক্রমাগত সামরিক সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। এমন জটিল পরিস্থিতির মধ্যেই আগামী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরায়েল সফরের কথা রয়েছে।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের হাত থেকে নাগরিকদের রক্ষা করতেই এই দ্রুত প্রস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট