
চট্টগ্রামের মেহের গার্মেন্টস লিমিটেডসহ দেশের নতুন পাঁচটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ অর্জন করেছে। ৮৯ পয়েন্ট পেয়ে প্লাটিনাম মান অর্জন করেছে পাহাড়তলীতে অবস্থিত মেহের গার্মেন্টস লিমিটেড নামে কারখানাটি। জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার জন্য এটি সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেয়েছে এই কারখানা। এশিয়ান গ্রুপের প্রতিষ্ঠান মেহের গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। তিনি বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন সনদপ্রাপ্ত অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড ইউনিট-৭, ঢাকার সুরমা গার্মেন্টস লিমিটেড, ধামরাইয়ের নাফা অ্যাপারেলস লিমিটেড ইউনিট-২ ও সাভারের উইন্টার ড্রেস লিমিটেড।
ফলে, দেশে মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা বেড়ে ২৮০টিতে দাঁড়িয়েছে এবং পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিশ্বসেরা হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
এ নতুন সংযোজনের ফলে, বাংলাদেশে এখন ১১৮টি প্ল্যাটিনাম ও ১৪৩টি গোল্ড রেটেড লিড সনদপ্রাপ্ত আরএমজি কারখানা রয়েছে।
এছাড়াও, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে বাংলাদেশের ৫২টি কারখানা রয়েছে, যা টেকসই ও পরিবেশবান্ধব শিল্প অনুশীলনের প্রতি দেশটির দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।
শিল্প নেতারা বলেছেন, এই অর্জনটি তৈরি পোশাক খাতে সবুজ প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও পরিবেশগতভাবে টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ। বর্তমানে সবুজ পোশাক কারখানার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।
পূর্বকোণ/এএইচ