
নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দেয়ালিকা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভাষা শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালি মিনহাজ কমপ্লেক্স থেকে শুরু হয়ে জামালখান মোড় প্রদক্ষিণ করে রোকসানা মঞ্জিলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসার। সিআইইউ’র জাতীয় দিবস উদযাপন কমিটির সহ-আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগী অধ্যাপক ড. রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. খালেদ বিন চৌধুরী, স্কুল অব ল’র সহকারী ডিন নাজনীন আক্তার, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ সাইফুল আসপিয়া এবং সিআইইউতে অবস্থিত কনফুসিয়াস ইন্সটিটিউট চায়নিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের ইন্সট্রাক্টর লি শিকো প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ।
আলোচনা সভায় বক্তারা মাতৃভাষা রক্ষায় মহান ভাষা শহীদদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, বিশ্বায়নের এই যুগে বিদেশি ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম হলেও মাতৃভাষা বাংলার শুদ্ধ ও সৃজনশীল চর্চা আরও জোরদার করা সময়ের দাবি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইঞ্জিনিয়ারিং স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা। তাদের সুরেলা গান ও আবৃত্তির মনোজ্ঞ সমন্বয়ে উপস্থাপিত সাংস্কৃতিক পর্ব উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় এবং অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
ভাষা শহীদদের স্মরণে নিবেদিত এ পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিতিতে দেয়ালিকায় সেরা লেখকদের পুরস্কৃত করা হয়। মর্যাদা, আবেগ ও প্রেরণায় ভরপুর এ আয়োজন ভাষা শহীদদের প্রতি সিআইইউ পরিবারের অঙ্গীকার ও শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
পূর্বকোণ/এএইচ