
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক নাজির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এক যৌথ শোকবার্তায় বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, বাংলাদেশের শিক্ষক সমাজের অধিকার আদায় এবং একটি প্রগতিশীল মানবিক সমাজ বিনির্মাণে অধ্যাপক নাজির হোসেনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে জাতি একজন দক্ষ সংগঠক, দেশপ্রেমিক রাজনীতিক এবং প্রথিতযশা শিক্ষককে হারালো।
অধ্যাপক নাজির হোসেন ১৯৫০ সালে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি টাঙ্গাইলের ভূয়াপুর ইবরাহীম খাঁ স্নাতকোত্তর কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি কেবল একজন শিক্ষকই ছিলেন না, বরং একজন দক্ষ সংগঠক হিসেবে বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য এবং টাঙ্গাইল জেলা কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বহু রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক আন্দোলনে সক্রিয় নেতৃত্ব প্রদান করেন। এ ছাড়াও কৃষক ও ক্ষেতমজুরদের অধিকার আদায়ের লড়াইয়েও তাঁর ভূমিকা ছিল অপরিসীম। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৮ সালে তিনি ‘লেখাপ্রকাশ সাহিত্য পুরস্কার’ লাভ করেন।
মৃত্যুকালে অধ্যাপক নাজির হোসেন এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/সিজান