
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।
শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানযোগে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আনার খবর পেয়ে গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীতে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর