চট্টগ্রাম শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আগ্রাবাদে কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ টাকা-ডলার উদ্ধার

আগ্রাবাদে কোটি টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ৪, নগদ টাকা-ডলার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৩ এপ্রিল, ২০২৬ | ৮:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ মোড়স্থ বিএম হাইটস ভবনের ‘নবাব অ্যান্ড কোম্পানি’ এবং ‘এনসি শিপিং’ অফিসে জানালার গ্রিল কেটে ১ কোটি ৪৩ লক্ষ টাকা ও ডলার চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে নগরীর বারিক বিল্ডিং এলাকার হোটেল অ্যাম্ব্রোশিয়ার পাশ থেকে চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে শুক্রবার ভোররাতে সদরঘাট থানার বাংলা বাজার এলাকা থেকে অপর সদস্যকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, মো. হৃদয় প্রকাশ সাগর (২০), মো. রাসেল প্রকাশ চেগা রাসেল (২৩), মো. শাওন এবং মো. ইমাম হোসেন (৪৪)।

 

পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুরির ঘটনার সত্যতা ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাতে ভবনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে লকার ও ক্যাবিনেট ভেঙে নগদ ১,৪৩,১০,০০০ (এক কোটি তেতাল্লিশ লাখ দশ হাজার) টাকা, ৭৫ লক্ষ টাকার ৩টি এফডিআর সনদ এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে পুলিশ এ পর্যন্ত নগদ ৫,৯২,০০০ (পাঁচ লাখ বিরানব্বই হাজার) টাকা এবং ২,০০০ (দুই হাজার) ইউএস ডলার উদ্ধার করেছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তাদের লিডার মনির হোসেনের পরিকল্পনায় তারা এই চুরি করে এবং ইমাম হোসেনের তেলের ডিপুতে বসে চোরাই টাকা ভাগ-বণ্টন করে।

 

পুলিশ আরও নিশ্চিত করেছে যে, চুরির ঘটনার মূল হোতা মনির হোসেনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া অবশিষ্ট টাকা ও ডলার উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট