চট্টগ্রাম রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

আহত ব্যবসায়ী হুমায়ন কবির (৪০)।

খুলশীতে মারামারি, ৬ জনের নামে থানায় এক পক্ষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ণ

নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে এই ঘটনায় কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মারামারির ঘটনায় মো. তসলিম নামের একজন ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জালালাবাদের লোহাগাড়া হাউজিং সোসাইটির সাইমন টি-স্টোরে এই ঘটনা ঘটে। ওই দোকানের মালিক হুমায়ন কবিরের শ্যালক প্রাইভেটকার চালক মো. তসলিমের সঙ্গে কয়েকজন যুবকের দ্বন্দ্বের জেরে ঘটনার সূত্রপাত। একপর্যায়ে জুনায়েদ, রবি, শুভ, কাজল, ফয়সাল ও অনিকসহ কয়েকজন ক্রিকেট খেলার স্ট্যাম্প, লাঠি ও ছুরি নিয়ে তসলিমকে মারধর করেন বলে জানা যায়। এ সময় শ্যালককে বাঁচাতে আসলে হুমায়ন কবিরের ওপরও হামলা হয়। তাকে ইট দিয়ে মারার পাশাপাশি পায়ে ছুরিকাঘাত করা হয় বলেও জানা গেছে। তসলিম প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরলেও হুমায়ন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় থানায় অভিযোগ করা মো. তসলিম বলেন, গাড়ি বন্ধ করে বাসায় ফেরার পথে জুনায়েদ, রবি, শুভ, কাজল, ফয়সাল ও অনিকসহ অন্তত ২০-২৫জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পথরোধ করে ছুরি, লাঠি, রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা শুরু করে। আমি এ সময় বাঁচার জন্য আমার ভগ্নিপতির দোকানে ঢুকে পড়ি। আমার ভগ্নিপতি এগিয়ে আসলে তার ওপরও হামলা করা হয়। পরে দোকানে ঢুকে ২০ হাজার টাকার জিনিসপত্র ও ক্যাশ বক্সে থাকা ছয় হাজার এবং আমার মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘মারামারির বিষয়টি শুনেছি। এই ঘটনায় কয়েকজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জেনেছি। পরে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ঘটনার কারণ জানতে পারবো।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট