
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ৪ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রেজকি (REZKIY) এবং সোভারচেনি (SOVERCHENNY) নামের জাহাজ দুটি বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
এর আগে জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। বন্দরে জাহাজ দুটি ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি অ্যাটাশে এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, রাশিয়ার প্রতিনিধি দলটি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা বাংলাদেশ নেভাল একাডেমিতে রুশ নাবিক ইউভি রেডকিন-এর সমাধিতে (রেডকিন পয়েন্ট) পুষ্পস্তবক অর্পণ করবেন। দুই দেশের নৌবাহিনীর সদস্যরা একে অপরের জাহাজ পরিদর্শনসহ চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। ৪ দিনের সফর শেষে আগামী ২৭ মার্চ জাহাজ দুটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ