
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
রবিবার (২২ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফান (৩৫) চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকার জাকির হোসেনের ছেলে। আহত সোলেমান (৩৫) আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, নতুন ফিশারি ঘাট এলাকার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইরফান নিহত হয়। স্থানীয়দের সহায়তায় আহত সোলেমানকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রফিকুল করিম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি আনোয়ারার তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান জানান, দুর্ঘটনাকবলিত একটি সুজুকি (নম্বর: চট্টমেট্রো-ল-২১-৮৯৬৪) এবং একটি রয়েল ইনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক জানান, রাতে বাকলিয়া থানা এলাকা থেকে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/পিআর