চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, একটু ধৈর্য ধরতে হবে: আবুল হাশেম বক্কর

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, একটু ধৈর্য ধরতে হবে: আবুল হাশেম বক্কর

অনলাইন ডেস্ক

১০ মার্চ, ২০২৬ | ১০:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে করা নির্বাচন পূর্ব অঙ্গীকার পূরণ করবার পথে চলছেন। ইতোমধ্যে সারা দেশের ১৪ ইউনিয়নে আমরা প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যকর্ম শুরু করেছি। তবে মা বোনেরা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ড হচ্ছে শক্তি। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনারা সবার সামনে দাঁড়াতে পারবেন। আপনারা হতাশ হবেন না। সে কার্ড পেল, আমি কেন পেলাম না, এটা ভাববেন না। সবাই ফ্যামিলি কার্ড পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে।

 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ চালিতাতলী বাজার মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত এই পাঁচটি ভিত্তির ওপরই ইসলামের কাঠামো প্রতিষ্ঠিত। রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। এই রমজান মাসে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে যাকাত ব্যবস্থার সঠিক বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

 

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালিতাতলী উকিলের জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল হুদা আলকাদেরী।

 

পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুছ বক্সের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সাবেক সদস্য মোহাম্মদ আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টার, মাহবুবুল আলম, মোরশেদুল আলম, হাজী মোহাম্মদ আলম, আশরাফ মিয়া সওদাগর, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসিম, সহ সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, মহানগর জিয়া স্মৃতি সংসদের সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সিরাজুদ্দৌলাহ চৌধুরী, জসিম উদ্দিন, মহানগর মহিলাদলের যুগ্ম সম্পাদক রোখসানা বেগম মাধু, বায়েজিদ থানার সাধারণ সম্পাদক নাসিমা আলম। উপস্থিত ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু, যুবদলের যুগ্ম আহবায়ক মো. তানজিম, জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব ইসমাইল মির্জা, পাঁচলাইশ ওয়ার্ড মহিলাদলের সভাপতি আফরোজা আকতার বিথী, নূরউদ্দিন কোম্পানি ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট জাহেদুল আলম প্রমুখ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট