চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

প্রগতিশীল অজিত কুমার দাশ ছিলেন শুদ্ধ সংস্কৃতির ধারক: বাকবিশিস নেতৃবৃন্দ

প্রগতিশীল অজিত কুমার দাশ ছিলেন শুদ্ধ সংস্কৃতির ধারক: বাকবিশিস নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৬ | ১২:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক অজিত কুমার দাশের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ মার্চ) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে নগরীর শিক্ষক ভবন (বিটিএ কার্যালয়) প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

 

বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নুরুল আফসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ভব রঞ্জন বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রয়াত এই শিক্ষাবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক সভায় শোকপত্র পাঠ করেন অধ্যাপক ঋতি নন্দী। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সংগীত পরিবেশন করেন অধ্যাপক অজিত দাশের দুই কন্যা বর্ণালী দাশ ও অনিন্দিতা দাশ।

 

স্মরণ সভায় বক্তাগণ অধ্যাপক অজিত কুমার দাশের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা তাকে একজন সৎ, মেধাবী, উদার, প্রগতিশীল ও মুক্তমনা মানুষ হিসেবে অভিহিত করে বলেন, তার মতো শুদ্ধ সংস্কৃতির ধারক ব্যক্তির অকাল প্রয়াণ সমাজ ও পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

 

সভায় বক্তব্য রাখেন বাকবিশিসের অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর রণজিত কুমার দে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, ড. গণেশ রায়, অধ্যক্ষ আবুল মনসুর মোহাম্মদ হাবিব, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য এবং অধ্যাপক অসীম চক্রবর্তীসহ নেতৃবৃন্দ। এছাড়া পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার ভাগ্নে বিজন কুমার বল এবং জামাতা প্রতীক রায় বক্তব্য প্রদান করেন।

 

বক্তাগণ প্রয়াত অধ্যাপকের আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট