
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম আরও বলেন, তার দল আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে।
আজ সোমবার (২ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের ‘দ্যা কিং অব চিটাগাং’-এ আয়োজিত এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
নাহিদ ইসলাম নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের লড়াই এখনো শেষ হয়নি।
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের ভিত্তিতে গঠিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে। আদালতকে দলীয়করণের অপচেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ একই পথ অনুসরণ করে নিজেদের পতনের সূচনা করেছিল।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে সাধারণ মানুষ, ছোট ও মধ্যবিত্ত ব্যবসায়ী এবং শ্রমজীবীদের পাশে দাঁড়াতে তিনি দলের কর্মীদের নির্দেশ দেন। পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো পরাশক্তির বিরুদ্ধে এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
পূর্বকোণ/সিজান/পারভেজ