
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ায় শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বর্হিগমন ও আগমনী মিলিয়ে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। সেগুলো মধ্যে মধ্যে শনিবার ৬টি, রবিবার ১৪টি ও সোমবার সকাল পর্যন্ত ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে গতকাল রবিবার রাতে সালাম এয়ারওয়েজের ওভি-৪০৩ ও সোমবার সকাল ৮টায় ওভি-৪০১ ফ্লাইট দুটি মাস্কাট থেকে চট্টগ্রাম এসেছে এবং সোমবার সকাল সাড়ে ৯টায় একই এয়ার লাইন্সের ওভি-৪০২ ফ্লাইটটি চট্টগ্রাম ছেড়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা।
শনিবার সারাদিন বন্ধ থাকার পর রবিবার বিকালে বিমান বাংলাদেশের জেদ্দাগামী ‘বিজি ১৩৫’ ফ্লাইটটি বিকাল ৪টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার তথ্য জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার সকাল থেকে মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মধ্যপ্রাচ্যে আকাশসীমা কার্যত বন্ধ হয়ে গেছে। ইরান ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরাক, কুয়েত এবং কাতারও আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আবুধাবি ও দোহার বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে।
পূর্বকোণ/পিআর