
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), মো. তসলিম (৩৯),মো. রাসেল (২২), আরাফাত হোসেন (২২), মো. আয়াত বাদশা (২২), মো. হাসান (২২) ও মো. হৃদয় (২১)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি লাল-নীল হাতলযুক্ত ফোল্ডিং ছোরা, ১টি লাল রঙের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের ছোরা এবং ১টি স্টিলের চেইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর