
এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়া উদ্দীন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, এই নির্বাচনে কেউ ব্যালট বাক্স নিয়ে যাবে না বা সিল মেরে বাক্স ভর্তি করতে পারবে না; শুধুমাত্র যোগ্য ভোটাররাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় প্রিজাইডিং অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাদের ‘কেন্দ্রের রাজাধিরাজ’ হিসেবে অভিহিত করেন এবং অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় তাদের আন্তরিক হওয়ার নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশকে ভিন্নধর্মী ও সহিংসতামুক্ত। এই শান্তিপূর্ণ পরিবেশের কৃতিত্ব জনগণ ও রাজনৈতিক দলগুলোকে দিয়ে বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে না পারলে জাতি আমাদের ক্ষমা করবে না।
সেনাবাহিনীর পক্ষ থেকে এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন জানান, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিবি, পুলিশ এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিন নির্বাচনের জন্য নির্ধারিত ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৮৪৪ জন পোলিং অফিসারকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ