
হাসপাতাল নির্মাণের নামে বিনোদন স্পট সিআরবি ধ্বংসের পাঁয়তারা চট্টলবাসী মেনে নেবে না বলে উল্লেখ করেছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। সংগঠনের পক্ষ থেকে আহবান জানিয়ে বলা হয়, চট্টগ্রামে আধুনিক সুবিধা সম্বলিত আরও হাসপাতাল দরকার। ইউনাইটেড গ্রুপের প্রস্তাবিত হাসপাতালটি সিআরবি এলাকা বাদ দিয়ে বায়েজিদ এক্সেস রোড অথবা আউটার রিং রোডের আশেপাশে করা যেতে পারে।
গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রদত্ত যৌথ এক বিবৃতিতে এ আহবান জানান বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যকরী কমিটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর।
বিবৃতিতে কমিটির নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের ঐতিহ্যের ধারক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম যা আগন্তুকের হৃদয় অনায়াসে আকর্ষণ করে। কিন্ত অত্যন্ত পরিতাপের বিষয়, ক্রমাগতভাবে চট্টলার নান্দনিকতা অবলুপ্তির দিকে। নানানভাবে নানা ইস্যুতে জৌলুসহানি ঘটে চলেছে চট্টলার। যা শুধু দুঃখজনক নয় বরং গ্লানিকরও বটে। দেশের অপরাপর জেলার ন্যায় চট্টগ্রামে এমনিতেই পর্যাপ্ত বিনোদন সুবিধা নেই বললেই চলে। তথাপি যে কয়েকটি বিনোদন স্পট বিদ্যমান ছিল ইতোমধ্যে এসবও সাবাড় হয়ে গেছে। এখন হাসপাতাল নির্মাণের নামে বিনোদনের জন্য সবেধন নীলমনি সিআরবির শিরিষতলাকে ধ্বংসের পাঁয়তারা করছে সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা চট্টগ্রামবিদ্বেষী একটি দুষ্টচক্র। অথচ সিআরবিতে একটি হাসপাতাল বিদ্যমান রয়েছে। যেটিকে সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করে এবং এটিকে ভেঙ্গে ৫০০ শয্যাবিশিষ্ট করা হলে কোনো সমস্যা আছে বলে মনে হয় না। এরফলে সিআরবির বিনোদন স্পটটি সুরক্ষিত থাকবে।
বিবৃতিদাতারা আরও বলেন, চট্টগ্রামে একাধিক সর্বাধুনিক সুবিধাসম্পন্ন হাসপাতালের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইউনাইটেড গ্রুপের প্রস্তাবিত এ হাসপাতালটি বায়েজিদ এক্সেস রোড অথবা আউটার রিং রোডের আশেপাশে যেকোনো জায়গায় করা যেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সিআরবির ঐতিহ্য সংরক্ষণ করে নগরীর অন্য যে কোনো স্থানে হাসপাতাল নির্মাণের জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়। অন্যথায় চট্টগ্রামবাসী এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পূর্বকোণ/এসি