
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিশ্বমানের টেকনোলজি সেন্টার নির্মাণের জন্য ১০ একর জমি মিলেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সচিব ড. মো. জাফর উদ্দীনের কাছে এই জমি হস্তান্তর করে।
মিরসরাইয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বাণিজ্য সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে রপ্তানিপণ্য বহুমুখীকরণে বৈচিত্রতা, মান ও উৎকর্ষতা সাধনের জন্য যুগোপযোগী আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যে ৪টি টেকনোলজি সেন্টার নির্মাণ করতে যাচ্ছে।
এর মধ্যে মিরসরাইয়ে টেকনোলজি সেন্টার নির্মাণের জন্য বেজার কাছ থেকে ১০ একর জমি পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবন্ধু হাই-টেক সিটি কর্তৃপক্ষ ইসিফোরজে প্রকল্পের কাছে ৪ দশমিক ৪ একর জমি হস্তান্তর করেছে। আশা করছি বাকি বাকি দুটির জমিও পাওয়া যাবে। ইসিফোরজে প্রকল্পের অধীনে সাড়ে চারশ কোটি টাকা ব্যয়ে এই ৪টি প্রযুক্তিকেন্দ্রে নির্মাণ করা হবে।
এর মধ্যে বিশ্বব্যাংক ৩১৮ কোটি টাকা সহায়তা করছে। বাকি ১৩২ কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশ সরকার। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন আরও বলেন, তৈরি পোশাক শিল্পের বাইরে সম্ভাবনাময় পণ্যের রপ্তানির বাড়াতে জোর দিচ্ছে সরকার। সম্ভাবনাময় চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্ল্যাস্টিক গুডস্ ও হাল্কা ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে সরকার উৎসাহিত করছে।
বাণিজ্য সচিব তাঁর বক্তব্যে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দেশের রপ্তানি বৃদ্ধির জন্য সরকার এ অঞ্চলের গুরুত্ব বিবেচনা করে এবং ব্যবসায়ী মহলের দাবির দেশের সর্ববৃহৎ এই পরিকল্পিত শিল্পনগরী গড়ে তুলেছে।
এখানে আধুনিক সুবিধা সম্বলিত বিশ্বমানের টেকনোলজি সেন্টারে হালকা প্রকৌশল ও প্ল্যাস্টিকস খাতসহ সংশ্লিষ্ট ম্যানুফ্যাকচারিং খাতের শিল্প সমূহের জন্য লাগসই প্রযুক্তিগত সেবা, যুগোপযোগী প্রশিক্ষণ, আন্তর্জাতিক বাজার সংক্রান্ত্র তথ্য সরবরাহ করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি ও ব্যবসায়িক পরামর্শ সেবা দেয়ার মাধ্যমে দেশিয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পসমূহকে রপ্তানি সক্ষম করে তোলা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ে ইসিফোরজে প্রকল্পের পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেজার যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান।
পূর্বকোণ/পি-আরপি