চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, আটক ৩

চট্টগ্রামের আবুল খায়ের স্টিল মিলে ডাকাতির চেষ্টা, আটক ৩

সীতাকুণ্ড সংবাদদাতা

১৩ এপ্রিল, ২০২৬ | ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতির চেষ্টাকালে তিন জনকে আটক করেছে আবুল খায়ের স্টিল কারখানার নিরাপত্তারক্ষীরা।

 

আজ সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার সোনাইছড়িতে আবুল খায়ের স্টিল কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার শিফট ইনচার্জ মো. আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

আটককৃতরা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বাইল্লা কলোনির বাসিন্দা মো. সিরাজের ছেলে মো. জাবেদ (২৭), একই ইউনিয়নের বারআউলিয়া ফুলতলার ফ্যামিলি কলোনির আবুল কালামের ছেলে মো. শরিফুর রহমান (২৮), নোয়াখালী বেগমগঞ্জ থানার ২ নং বঙ্গী বাড়ি এলাকার মো. শাহাজাহানের ছেলে মো. রাসেল (২৯)।

 

আবুল খায়ের কারখানা কর্তৃপক্ষ ও থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে কারখানায় ২৫-৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ হানা দেয়। পরে তারা নিরাপত্তায় থাকা কর্মীদের জিম্মি করে তামা/পিতল, মোটর এবং বৈদ্যুতিক ক্যাবলসহ কারখানার বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে ডাকাত দল তাদের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের গুলির শব্দে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৩ ডাকাতকে আটক করা হয়।

 

এ বিষয়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের কারখানা ইনচার্জ ও এইচআর (এডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, আটক তিনজনের কাছ থেকে বেশকিছু বৈদ্যুতিক কাটা ক্যাবল, দেশীয় কিরিচ ও রামদা উদ্ধার করা হয়েছে।

 

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ডাকাতির চেষ্টার ঘটনায় আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে। 

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট