চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬ | ৫:৫০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ায় বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের মূল্য আবার ১০০ ডলার ছাড়িয়ে গেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৮২ ডলারে ওঠে। বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে জ্বালানিসংকট আরও তীব্র হতে পারে। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্টের অবরোধের ঘোষণার পর নতুন করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি খাতভিত্তিক হেজ ফান্ড গ্যালো পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল আলফারো বলেন, হরমুজে অবরোধ থাকলে তেলের দাম দীর্ঘ সময় বাড়তি থাকবে। এই প্রণালি অবরোধের অর্থ হলো, যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের এই অবরোধ দীর্ঘ মেয়াদে কার্যকর হতে পারে, কিন্তু আপাতত অনিশ্চয়তা বাড়বে। কোথায় কোথায় ঝুঁকি আছে, তার পুনর্মূল্যায়ন হবে। ফলে তেলের দাম আরও বাড়বে।

ইরান যুদ্ধের একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালি। মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান এই প্রণালীটি ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে।

 

২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে পণ্য পরিবহন মূলত স্থবির হয়ে আছে। যদিও ভারত ও মালয়েশিয়ার মতো কিছু দেশ তাদের জাহাজগুলোর জন্য নিরাপদ পথের ব্যবস্থা করতে আলোচনা করেছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছে ।

 

সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ চুয়া ইয়ো হুই বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দিকে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছিল।

 

এই আশায় যে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে সমস্যা দ্রুত হ্রাস পাবে।’ তিনি বলেন, ‘তেলের দাম সম্ভবত ঊর্ধ্বমুখী থাকবে।

 

সোমবার সকালের লেনদেনে এশিয়ার প্রধান শেয়ার সূচকগুলো নিম্নমুখী ছিল। জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ শতাংশ কমেছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ০.৮ শতাংশ হ্রাস পেয়েছে। ইরান যুদ্ধের কারণে এশিয়ার দেশগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।দেশগুলো মধ্যপ্রাচ্যের তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

মার্কিন স্টক ফিউচারও ওয়াল স্ট্রিটের শেয়ারের দরপতনের ইঙ্গিত দিয়েছে। স্টক ফিউচার হলো বিনিয়োগকারীদের মধ্যে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্ধারিত মূল্যে কোনো সম্পদ ক্রয় বা বিক্রয় করার একটি চুক্তি, যা বাজারের গতিপথ নির্দেশ করতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট