
দৈনিক পূর্বকোণ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের বাঁশখালীর লটমনি পাহাড়ে দুটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর বিকল করে দেওয়া হয় এবং একটি ড্রাম ট্রাক আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড় এলাকায় ‘এএসসি’ ও ‘জেএমবি’ নামক দুটি ইট ভাটা দীর্ঘদিন ধরে পরিবেশ আইন লঙ্ঘন করে আসছিল। তারা পাহাড়ের মাটি কেটে ইট তৈরি এবং বনের কাঠ ব্যবহার করে ইট পোড়াচ্ছিল, যা দণ্ডনীয় অপরাধ। গোয়েন্দা সংস্থা এনএসআই-এর পর্যবেক্ষণে এসব তথ্য উঠে আসে। দৈনিক পূর্বকোণ পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
অভিযান চলাকালে লটমনি পাহাড়ে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার দৃশ্য সরাসরি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ইট ভাটার মালিক ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এই অভিযানে বাঁশখালী থানা পুলিশ, এনএসআই কর্মকর্তা এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন জানান, পাহাড় কাটা এবং বন উজাড় করে ইট পোড়ানো সম্পূর্ণ অবৈধ। জব্দকৃত আলামতের বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম এ প্রসঙ্গে বলেন, “বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে পাহাড় কাটার স্পষ্ট আলামত পাওয়া গেছে। অবৈধভাবে ইট তৈরি ও পাহাড় কাটার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।
পূর্বকোণ/সিজান