
বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা দিতে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।
তিনি জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে মার্চ মাস থেকে নগরের বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
চসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করছেন।
ফলে এপ্রিল থেকে নগরবাসীকে বাসার ময়লা সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার প্রয়োজন নেই।
কিন্তু সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি এখনো নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে।
এ কাজটি সম্পূর্ণ অবৈধ; এ বিষয়ে নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।
যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনকে অবহিত করার অনুরোধ জানানো হল।
এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়তে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান তিনি।
পূর্বকোণ/আরআর/এএইচ