চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

জিরা চাষ: বাতাসে মৃদু সুগন্ধ কৃষকদের চোখে নতুন স্বপ্ন

রূদুরা ও ডুমুরিয়ায় ছোট ছোট গাছে ভরে উঠেছে ক্ষেত

জিরা চাষ: বাতাসে মৃদু সুগন্ধ কৃষকদের চোখে নতুন স্বপ্ন

সুমন শাহ্ আনোয়ারা

৯ এপ্রিল, ২০২৬ | ১:০৩ অপরাহ্ণ

একসময় যে জমিতে শুধু ধান আর শাকসবজিই হতো, সেই জমিতেই এখন ছড়িয়ে পড়েছে ভিন্ন এক ঘ্রাণ জিরার। আনোয়ারা উপজেলায় ধীরে ধীরে বদলে যাচ্ছে কৃষির চিত্র।

 

 

নতুন সম্ভাবনার নাম এখন জিরা চাষ। চাতরী ইউনিয়নের রূদুরা ও ডুমুরিয়া এলাকায় গেলে চোখে পড়ে সবুজের মাঝে ভিন্ন এক দৃশ্য। ছোট ছোট গাছে ভরে উঠেছে জিরার ক্ষেত। বাতাসে মৃদু সুগন্ধ, আর কৃষকদের চোখে নতুন স্বপ্ন। এই পরিবর্তনের পেছনে রয়েছেন স্থানীয় কৃষক আবু তৈয়ব।

 

 

গত বছর পরীক্ষামূলকভাবে অল্প জমিতে জিরা চাষ করে ভালো ফলন পান তিনি। সেই সফলতাই তাকে করে তোলে অন্যদের জন্য অনুপ্রেরণা। লোকজন প্রথমে বিশ্বাস করেনি, হেসে বললেন আবু তৈয়ব, এখন নিজেরাই এসে জিজ্ঞেস করে কিভাবে চাষ করতে হয়। তার দেখানো পথেই এবার অন্তত ২০ জন কৃষক জিরা চাষে নেমেছেন। তাদের একজন আব্দুল মান্নান। জীবনে প্রথমবারের মতো জিরা চাষ করে তিনি বললেন, ঝুঁকি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক সিদ্ধান্তই নিয়েছি। তবে সবকিছুই যে সহজ, তা নয়। সেচের সমস্যা বড় একটি চ্যালেঞ্জ। সময়মতো পানি না পাওয়ায় অনেক ক্ষেতেই ফলন কিছুটা কম হয়েছে। তবুও হতাশ নন কৃষকেরা।

 

 

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ধানের মাঠে এই নতুন পরীক্ষাই হয়তো ভবিষ্যতের কৃষির দিক বদলে দেবে আর সেই গল্প এখনই লেখা শুরু হয়েছে আনোয়ারায়। উপজেলার অনেক এলাকার মাটি ও আবহাওয়া জিরা চাষের জন্য উপযোগী। নিয়মিত তদারকি ও পরামর্শের মাধ্যমে কৃষকদের পাশে থাকার চেষ্টা করছে কৃষি বিভাগ।

 

 

উপজেলা কৃষি অফিসার শামীম আহমেদ সরকার বলেন, জিরা একটি উচ্চমূল্যের ফসল। আমরা চাই কৃষকেরা নতুন ফসলে আগ্রহী হোক এবং লাভবান হোক।

 

দৈনিক পূর্বকোণ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট