চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

পূর্বকোণে সংবাদ প্রকাশের জেরে লোহাগাড়ায় বালু উত্তোলন বন্ধে অভিযান

পূর্বকোণে সংবাদ প্রকাশের জেরে লোহাগাড়ায় বালু উত্তোলন বন্ধে অভিযান

লোহাগাড়া সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলন নিয়ে বুধবার (৮ এপ্রিল) দৈনিক পূর্বকোণ পত্রিকায় “লোহাগাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে টিলা কেটে বালু বিক্রির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের টনক নড়ে এবং ওই বালু মহলে বিশেষ অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ।

 

বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা আবাসন প্রকল্প সংলগ্ন জামছড়ি খালে এই অভিযান পরিচালিত হয়।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিলের নেতৃত্বে অভিযানে অংশ নেন ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, এনএসআই কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

 

অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি মেশিন এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বালু উত্তোলনের সরঞ্জামাদি উদ্ধার করি, কিন্তু অভিযান চলাকালীন সেখানে কাউকে পাওয়া যায়নি”।

 

উল্লেখ্য যে, স্থানীয় একটি টিলা কেটে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ ওঠার পর সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট