
চট্টগ্রামের সাতকানিয়া অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ এপ্রিল ) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
জানা যায়, উপজেলার ধর্মপুর ইউনিয়নে স্থানীয় এক মুদি দোকানি মো. কাইসার আহমেদ সওদাগরের গোডাউন থেকে অবৈধভাবে মজুদকৃত ৪ শ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা করা হয়। এসব জ্বালানি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উদ্ধারকৃত জ্বালানি বর্তমানে প্রশাসনের হেফাজতে রাখার পর পেট্রোল পাম্পে বিক্রি করে সরকারি কোষাগারে টাকাগুলো জমা দেওয়া হবে। যারা তেল মজুদ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পারভেজ