চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন বাতিল, বিল পাস
ছবি: সংগৃহীত

জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন বাতিল, বিল পাস

অনলাইন ডেস্ক

৮ এপ্রিল, ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হয়েছে।
‘জাতির পিতার পরিবার ও তার সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯’ রহিত করে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে।

 

এর মাধ্যমে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দকৃত বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুবিধাদি বাতিল হলো।

 

বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে বিলটি কণ্ঠভোটে পাস হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন।

 

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ অক্টোবর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন)’ জারি করা হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ মে এই আইনের অধীনে পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

 

বিবৃতিতে বলা হয়, কেবল একটি পরিবারের জন্য রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদান বৈষম্যমূলক হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন সরকার আইনটি রহিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

 

এই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদনে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’ জারি করা হয়। পরবর্তীতে সেই অধ্যাদেশকে আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হলে তা পাস হলো।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে করা এ আইনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা এবং তাদের সন্তানদের জন্য আজীবন বিশেষ নিরাপত্তা ও রাষ্ট্রীয় বাসভবনসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট