
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকবে।
ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আহ্বানের পর নিজের এই অবস্থানের কথা জানালেন ট্রাম্প। খবর বিবিসির।
এর আগে, মঙ্গলাবার (৭ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না।’
এরপর ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই সময়ে ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ করেছেন তিনি।
বিবিসির খবরে বলা হয়েছে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “আমি ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সঙ্গে সম্মত।” তিনি আরও যোগ করেন, “এটি হবে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি।”
মার্কিন প্রেসিডেন্টের শর্ত অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হবে শুধুমাত্র ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে পুনরায় খোলার বিষয়ে সম্মত হলে।
এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।
পূর্বকোণ/এএইচ