
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হরমুজ প্রণালি খোলা নিয়ে মঙ্গলবারের ভোটে একটি প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া প্রস্তাবে ভেটো দিয়েছে।
প্রস্তাবের পক্ষে পড়েছে ১১ ভোট। কলম্বিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত ছিল। ট্রাম্পের হরমুজ প্রণালি খোলার জন্য বেঁধে দেওয়া সময়সীমা মঙ্গলবার রাত ৮ টার কয়েক ঘণ্টা আগে জাতিসংঘে এই ভোট হয়।
হরমুজ প্রণালি বল প্রয়োগ করে খোলা নিয়ে চীন ও রাশিয়ার আপত্তির কারণে প্রস্তাবটি বারবার বদলানো হয়েছে। চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ খোলার অংশটি বাদ দেওয়া হয়।
মঙ্গলবার সংশোধিত এই প্রস্তাবের ওপরই ভোট হয়েছে। আশা ছিল চীন ও রাশিয়া হয়ত প্রস্তাবে ভেটো দেবে না। কিন্তু তা হয়নি। তবে প্রস্তাবটি গৃহীত হলেও তা যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে কোনও প্রভাব ফেলত কিনা তা নিয়ে সন্দেহ আছে।
কারণ, চীন ও রাশিয়া যাতে প্রস্তাবে ভেটো না দিয়ে অন্তত ভোটদানে বিরত থাকে সে চেষ্টায় বারবার খসড়া প্রস্তাব সংশোধন করতে গিয়ে সেটি ইতোমধ্যেই অনেকটা দুর্বল হয়ে পড়েছে।
হরমুজ খোলা নিয়ে প্রাথমিক প্রস্তাবনাটি এনেছিল ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান বাহরাইন।
বাহরাইনের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১১টি দেশ ভোট দিলেও রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা ভেস্তে যায়। পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল।
পূর্বকোণ/আরআর/পারভেজ