
নগরীর বাকলিয়া থানার বেড়া মার্কেট এলাকায় খালে গোসল করতে নেমে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মো. রাকিব (১০) নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। রাকিব নোয়াখালীর চর আলেকজেন্ডার এলাকার মাঈন উদ্দিনের ছেলে। পরিবারের সঙ্গে শিশুটি ভেড়া মার্কেট এলাকায় থাকত।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান- মঙ্গলবার দুপুরে চাক্তাই খালের স্লুইচ গেটের পাশে ভেড়া মার্কেট এলাকায় বন্ধুদের সঙ্গে খালে গোসলে নামে রাকিব। অন্যরা উঠে এলেও সে উঠে আসেনি। পরে রাত পৌনে ৮টার দিকে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। লামা ফায়ার স্টেশন ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা রাত সাড়ে নয়টার দিকে রাকিবের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক জসীম উদ্দিন জানান, খালে গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান পরিচালনা করে শিশুর লাশ উদ্ধার করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ