
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে এক জেলের জালে এক টানেই উঠেছে শত মণ ইলিশ। পরে সেগুলো ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার আবুল কালামের মালিকাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলারের জেলেরা মাছগুলো ধরেন। পরে
বিকাল ৪টায় শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের একটি মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয়। মণপ্রতি প্রায় ৩৩ হাজার টাকায় মাছ কিনেছেন ব্যবসায়ী ফারুক।
ট্রলারের মাঝি নুরুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার সকালে ১৫ জেলে উপজেলার শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার আবুল কালামের মালিকাধীন ‘এফবি দ্বীপ’ নামের ট্রলার নিয়ে সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারে যান। প্রথমদিকে মাছ পাননি। গতকাল রবিবার ভোরে তাদের জালে প্রায় ১০১ মণের মত ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় খুশি তারা। পরে সেগুলো ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
শাহপরীরদ্বীপ ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি আবদুল গণি বলেন, ‘অনেক দিন ধরে সাগরে কম ইলিশ ধরা পড়ছে। সাগরে গেলে জেলেদের লোকসান গুনতে হচ্ছে। এর মধ্যে ভাল ইলিশ ধরা পড়ায় জেলেরা খুশি।’
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি শহিদুল আলম বলেন, ‘সরকারি নির্দেশনায় মাছ ধরা বন্ধ থাকার কারণে ইলিশের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। প্রতিবছর মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ৬৫ দিন মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এছাড়া ২০১১ সাল থেকে অক্টোবর মাসেও জেলেদের সাগরে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে হয়।’
পূর্বকোণ/পিআর