চট্টগ্রাম রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

গণভোটের রায় না মানলে সরকারকে ৩৬ ঘণ্টায় বিতাড়িত করার হুঁশিয়ারি

গণভোটের রায় না মানলে সরকারকে ৩৬ ঘণ্টায় বিতাড়িত করার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

৪ এপ্রিল, ২০২৬ | ৯:০৮ অপরাহ্ণ

গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ এবং ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।

 

শনিবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এই সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। এ সময় তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’ ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার ও সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের মাধ্যমেই নির্বাচিত হয়েছেন। তিনি গুরুত্বারোপ করে বলেন, কেবল এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি, বরং ফ্যাসিবাদের সহায়ক বিদ্যমান সাংবিধানিক কাঠামো পরিবর্তনের জন্য এটি সংঘটিত হয়েছে।

 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় থাকতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে তা করতে বাধ্য করা হবে।

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির বর্তমান রাজনীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপির রাজনীতি একদিকে সুবিধাবাদী, অন্যদিকে মুনাফেকি।

 

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অধ্যাদেশ ক্ষমতা বৃদ্ধি করে, বিএনপি সেগুলো পছন্দ করে; কিন্তু যেগুলো জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে, সেগুলো তারা বাতিল করতে চায়।

 

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বললেও এখন সরকার গঠনের পর সেই রায় মেনে নিচ্ছেন না।

 

সমাবেশে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধান কোনো নির্দিষ্ট দলের মনগড়া হলে চলবে না, তা হতে হবে জনগণের ইচ্ছার প্রতিফলন। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়িত হলে দলীয়করণ ও একনায়কতন্ত্র বন্ধ হবে এবং সংসদে উচ্চকক্ষ গঠিত হবে।

 

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মুফতি মোখলেছুর রহমান কাসেমী এক কঠোর সতর্কবার্তায় বলেন, যারা জনগণের ভাষা বোঝে না, ছাত্র-জনতা তাদের ১৭ বছরের মসনদ ৩৬ দিনে ভেঙে দিয়েছে। আজ যারা জনরায় মানছে না, তাদের ৩৬ ঘণ্টার মধ্যে বিতাড়িত করার সক্ষমতাও জনগণের রয়েছে। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডা. ওমর ফারুকও একই সুরে বলেন, জনরায় না মানা মানেই ফ্যাসিজম প্রতিষ্ঠা করা।

 

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার মানুষ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট