
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহেদুল ইসলাম মিঞা।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষে চলতি মাসেই চট্টগ্রাম জেলা প্রশাসক ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে অবস্থিত ডিসি পার্কে ১০ হাজার গাছের বৃক্ষ রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে আজ প্রথম দফায় ২ হাজার বৃক্ষরোপণ করা হচ্ছে। এছাড়া পর্যায়ক্রমে এ মাসেই ৫৪ প্রজাতির (ফুল, ফল ও কাঠ জাতীয়) সর্বমোট ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
ডিসি আরো বলেন, নগরায়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠা এবং উন্নয়ন কার্যক্রমে অনেক সময় বৃক্ষ কাটতে হয়েছে। এ বৃক্ষরোপণের মাধ্যমে সেই বৃক্ষগুলোর ক্ষতিপূরণ করতে চাই।
তিনি বলেন, ডিসি পার্ককে একটি আদর্শ পার্ক হিসাবে গড়ে তোলা হবে। এই পার্কে শীতল সবুজ পরিবেশে পাবে দর্শনার্থীরা। পার্কের চারপাশে সাজানো থাকবে কৃষ্ণচূড়া। উত্তর পাশে থাকবে ফলের বাগান। এতে হবে পাখ-পাখালিরর অভয়আশ্রম। এতে বাংলাদেশ যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তা ফুটে উঠবে। থাকবে নির্মল সুন্দর বাতাস। থাকবে স্বস্থ্য সম্মত পরিবেশও।
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সহনীয় উপকূলবর্তী চট্টগ্রাম ডিসি পার্কে এ বৃক্ষ রোপণের আয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সীতাকুণ্ডের ইউএনও মো. ফখরুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল্লা আল মামুন প্রমুখ।
পূর্বকোণ/পিআর