চট্টগ্রাম শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসছে শুক্রবার সন্ধ্যায়

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

৩ এপ্রিল, ২০২৬ | ১২:৪৫ অপরাহ্ণ

একমাস প্রতীক্ষার পর অবশেষে বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর এলাকার আবুল মহসিন তারেকের মরদেহ দেশে আনা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ ৩ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি পৌঁছানোর কথা রয়েছে।

ইতোমধ্যে সকাল ৯টায় পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকাল সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বৌবাজার এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তারেকের স্বজন মোশাররফ হোসেন  জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া দীর্ঘ সময় নেওয়ায় পরিবারকে এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তবে অবশেষে মরদেহ দেশে ফিরছে—এতে পরিবারে স্বস্তি ফিরেছে, যদিও শোকের ভার এখনও ভারাক্রান্ত করে রেখেছে স্বজনদের।

মরদেহ দেশে আনতে সহযোগিতার জন্য বাহরাইনে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের পরিবার।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় গত ২ মার্চ আবুল মহসিন তারেক নিহত হন, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট