
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আড়াই কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফরিদুল আলম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ফরিদুল আলম ওই গ্রামের মো. ইলিয়াসের ছেলে। এই মামলায় একই এলাকার মৃত আলী আহমদের ছেলে মো. হোসাইনকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাবের একটি আভিযানিক দল পলাতক আসামি মো. হোসাইনের বসতঘরে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরিদুল আলমকে হাতে-নাতে গ্রেপ্তার করা সম্ভব হলেও মূল হোতা মো. হোসাইন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পলাতক আসামির শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫০টি জিপারযুক্ত পলি প্যাকেট ভর্তি মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ