
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। অভিযানটিও এখন শেষ ধাপে রয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, ইরানে তাদের সামরিক কার্যক্রম সম্পন্ন করতে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
তিনি বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন বিজয় অল্প সময়েই খুব কম দেখা যায়।
ট্রাম্প দাবি করেন, ইরান পারমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। তবে তার এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
ট্রাম্প আরও বলেন, আমি ২০১৫ সাল থেকেই বলে আসছি, ইরানকে কখনোই পারমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুকামনা করে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে চুক্তি করেন।
এর আওতায় ইরান ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমাতে সম্মত হয়েছিল। এর বিনিময়ে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
তবে ২০১৮ সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। সূত্র: দ্য গার্ডিয়ান
পূর্বকোণ/পিআর