
চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কেপিএম ও কেএবি নামের দুটি ইটভাটা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পরিবেশ সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া উপজেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
পূর্বকোণ/সিজান/পারভেজ