চট্টগ্রাম বুধবার, ০১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ার সালিশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সাতকানিয়ার সালিশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সাতকানিয়া প্রতিনিধি

১ এপ্রিল, ২০২৬ | ৩:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পুরানগড় ইউনিয়নে আধিপত্য বিস্তার ও শ্লীলতাহানির চেষ্টাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ইউনিয়নের ফকিরখিল ও ধলিরো গুট এলাকায় দু’দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষে আহতরা হলেন-মোহাম্মদ জসিম, মোহাম্মদ টিপু, মোহাম্মদ ‎সাকিব, ‎আলিম উদ্দিন, ‎রবিউল হাসান, ‎রিফাত ও ‎কফিল। আহত কয়েকজনের নাম পাওয়া যায়নি।

 

জানা গেছে, পুরানগড় ফকিরখীল এলাকায় একটি তরুণীর মোবাইল ছিনতাই ও শ্লীলতাহানির ঘটনার বিচারকে কেন্দ্র করে দু’দফায় রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে স্থানীয় বিএনপির দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানা যায়। আহতদের দ্রুত উদ্ধার করে কেরানিহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকে পুরো পুরানগড় ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

হামলায় আহত মোহাম্মদ জসিম বলেন, ‘আমি দোকান বসা ছিলাম। সাকিব ও রিফাত নামে দুই যুবক একটি মেয়ের থেকে মোবাইল ছিনতাই করেছে; এমন সংবাদ পেয়ে বিষয়টি জিজ্ঞেস করতে গেলে আমাদের উপর হামলা চালানো হয়। পরে আমরা চিকিৎসা নিতে যাওয়ার পথে আমাদের গাড়ি রোধ করে এলোপাথাড়ি আবার হামলা চালায়। পুরো ঘটনার নেতৃত্ব দেন কামরুল হাসান তালুকদার। আওয়ামী লীগ নেতা হিরুর কাছ থেকে অর্থ সংগ্রহ করে এখানে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। চোর সন্ত্রাস লালন পালন করছে। আমি এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

জানতে চাইলে কামরুল হাসান তালুকদার বলেন, আমি মঙ্গলবার ঢাকায় ছিলাম। আমার বাচ্চার অসুস্থতা কথা চিন্তা করে রাতে ঢাকা থেকে বাড়ি উদ্দেশ্য রওনা করি। আমি শুনেছি, জসিম একটি সালিশে সশস্ত্র দলবল নিয়ে স্থানীয় মানুষের উপর হামলা করেছে। এই ঘটনা জানাজানি হলে স্থানীয় জনগণ তাদের প্রতিরোধ করে। পরে জসিম ও তার দলবলের হামলায় আহতরা চিকিৎসা নিতে গেলে আবার হামলা চালায়। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো যাতে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। জসিম আমার উপর দায় দিয়ে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করছে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন,সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অন্তত ৮ জন গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট