
চট্টগ্রাম নগরীর বন্দর থানায় ২০ বছর আগে পুলিশের সোর্স (তথ্যদাতা) নূর আলম প্রকাশ বাবলুকে অপহরণ করে হত্যা মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগর ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রেজাউল করিম, জয়নাল আবেদীন, আবদুল্লাহ, মো. সেলিম, আবুল কাশেম, সালাউদ্দিন, মো. সোলায়মান, রেজাউল করিম রেজা ও হারুন অর রশিদ।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর নগরের বন্দর থানার হালিশহর ছোটপুল এলাকার সমবায় সিঙ্গাপুর মার্কেটের পাশের রাস্তা থেকে নূর আলম প্রকাশ বাবলুকে অপহরণ করা হয়। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা আয়শা আক্তার লাকী বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পূর্বকোণ/আরআর/পারভেজ