
নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
জাতীয় দিবস উদযাপন কমিটির সহ-আহ্বায়ক ড. রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন ড. আসিফ ইকবাল, অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ড. ইমন কল্যান চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’র সহযোগী অধ্যাপক ড. কাজী সাইফুল আসপিয়া, স্কুল অব ল-এর প্রভাষক ইফতিসাম ইসলাম এবং রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনী এবং ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোকচিত্র প্রদর্শনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে স্কুল অব ল-এর শীমা বিনতে উসমান, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর সাজিয়া আফরিন ইশা এবং স্কুল অব ল-এর ওবায়দুল গনি।
রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে স্কুল অব ল-এর তাহমিনা আনওয়ার, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর উম্মে আফিফা এবং স্কুল অব ল-এর ফায়জান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, এবং ক্লাবের উপদেষ্টাবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সিআইইউ জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
পূর্বকোণ/এএইচ