চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দুবাই বন্দরে কুয়েতের তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

দুবাই বন্দরে কুয়েতের তেলভর্তি জাহাজে হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২৬ | ১:০৭ অপরাহ্ণ

দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ট্যাংকারের আগুন নেভানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ধারাবাহিকতা চলছে। সবশেষ ‘আল সালমি’ নামে ওই ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।

 

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) আজ মঙ্গলবার প্রথম প্রহরে জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙ্গর করা অবস্থায় আল সালমি ট্যাংকারটি ইরানের হামলার শিকার হয়।

 

এতে জাহাজের ক্ষতি ও আগুন লাগার পাশাপাশি চারপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে কুয়েতি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কুনা’ এক প্রতিবেদনে জানিয়েছে।

 

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলার ফলে সৃষ্ট আগুন নৌ-অগ্নিনির্বাপক দল সফলভাবে নিভিয়ে ফেলেছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জাহাজের ২৪ ক্রু সদস্যের সবাই নিরাপদ আছেন।

 

দুবাইয়ে ট্যাংকারে হামলার খবরের পর এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ দশমিক ১৭ ডলারে পৌঁছায়। তবে ওয়াল স্ট্রিট জার্নাল যখন খবর প্রকাশ করে যে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি বন্ধ থাকলেও যুদ্ধ শেষ করতে আগ্রহী, তখন তেলের দাম কিছুটা কমে যায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট