চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সন্দ্বীপের তারেকের মরদেহ আসছে ৩ এপ্রিল

বাহরাইনে ক্ষেপণাস্ত্রে নিহত সন্দ্বীপের তারেকের মরদেহ আসছে ৩ এপ্রিল

সন্দ্বীপ সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

দীর্ঘ এক মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর এলাকার বাসিন্দা এস এম তারেকের (আবুল মহসিন তারেক) মরদেহ দেশে আনা হচ্ছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় গালফ এয়ারের ফ্লাইট নং জিএফ-২২৫০ যোগে মরদেহটি বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

 

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে গত ২ মার্চ সংঘটিত এক ক্ষেপণাস্ত্র হামলায় তারেক নিহত হন। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে আনার দীর্ঘ প্রক্রিয়ার কারণে তার পরিবারকে এক মাসেরও বেশি সময় উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে। তারেকের স্বজন মোশাররফ হোসেন জানান, দীর্ঘ প্রতীক্ষার পর মরদেহ দেশে ফিরছে জেনে পরিবার কিছুটা স্বস্তি পেলেও স্বজনরা এখনও গভীর শোকে মুহ্যমান।

 

তারেকের মরদেহ দেশে আনার ক্ষেত্রে বিশেষ সহযোগিতার জন্য নিহতের পরিবার বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

সন্দ্বীপের এই রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের পর তা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট