চট্টগ্রাম সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

'মব কালচার' আর বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মব কালচার’ আর বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩০ মার্চ, ২০২৬ | ৭:০৯ অপরাহ্ণ

দেশে চলমান তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান যে, দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব তৈরি করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

 

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দাবি আদায়ের জন্য মহাসড়ক বা সড়ক অবরোধ করার যে প্রবণতা দেখা গিয়েছে, তা আর কখনোই অনুমোদন (অ্যালাউ) করা হবে না।

 

অধিবেশনে রুমিন ফারহানা মব কালচারের ভয়াবহতা তুলে ধরে জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই সংস্কৃতির শিকার হয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষ নিহত হয়েছে। তিনি নিজেও গত ২১ ফেব্রুয়ারি এর ভুক্তভোগী হয়েছিলেন বলে উল্লেখ করেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী মব এবং সুসংগঠিত অপরাধের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন, কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে হামলা বা ভাঙচুর করা একটি সুসংগঠিত পরিকল্পিত অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত মামলা, তদন্ত এবং আসামিদের বিচারের আওতায় আনা হচ্ছে বলে তিনি জানান।

 

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া, সেমিনার বা জনসমাবেশ করার অধিকার সবার আছে এবং সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে। তবে মবের মাধ্যমে দাবি আদায়ের এই ক্ষতিকর প্রবণতা থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট