
মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত অনিশ্চয়তার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে বাংলাদেশ। জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক প্রেজেন্টেশন পেপারে এ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে বড় পরিসরে ডিজেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এতে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করা হচ্ছে।
ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ জোরদার করার পাশাপাশি অতিরিক্ত আমদানির বিষয়েও আলোচনা এগিয়েছে। ইতোমধ্যে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ নিশ্চিত হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার সঙ্গেও নতুন সরবরাহ ব্যবস্থা নিয়ে অগ্রগতি হয়েছে। দেশটি থেকে দুটি কার্গোতে প্রায় ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে।
এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
পাশাপাশি হরমুজ প্রণালির অনিশ্চয়তা মোকাবিলায় জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও চলছে বলে জানানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ