
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় যেন অতীতের বালিশ, পর্দা ও ছাগল কাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। সেই সঙ্গে সংসদ অধিবেশনে সাউণ্ড সিস্টেম বিকলের ঘটনায় তদন্ত কাজ শুরু হওয়ার কথাও জানানো হয়। আগামী ২ এপ্রিল এ বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। ওই প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন সদস্যরা রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম, মো. আবুল হাসনাত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, সংসদ কমিটির বৈঠকে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনাকালে কেনাকাটায় বিগত স্বৈরাচারের আমলের ন্যায় বালিশ, পর্দা ও ছাগল কাণ্ডের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি আসবাব পত্রের গুণগত মান ভালো রাখা ও ক্রয়মূল্য যেন যুক্তিসংগত হয় সে বিষয়েও সতর্ক করা হয়।
মো. নুরুল ইসলাম মনি আরও বলেন, সুপেয় পানির সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সব সংসদ সদস্য বাসায় উঠতে পারবেন বলে আশা করেন তিনি।
সাউণ্ড সিস্টেম নিয়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে উল্লেখ করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সাউন্ড সিস্টেমে সত্যিই কোনো নাশকতা হয়েছে কি না, তা গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে। নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে।
তিনি আরও বলেন, ‘‘৫ আগস্টে সাউন্ড সিস্টেম নিয়ে নাশকতা হয়েছে। সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়। এর আগে সংসদে এমন ঘটনা কখনোই হয়নি। কেউ আছেন যিনি স্যাবোটাজ করেছেন বলে আমরা ধারনা করি। তদন্ত কমিটি ২ এপ্রিল প্রতিবেদন দেবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবন বরাদ্দের জন্য সংস্কার ও মেরামত সম্পর্কিত সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কাজের অগ্রগতি, শেরে-ই-বাংলা নগরে অবস্থিত (এমপি হোস্টেল) ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দে সংস্কার ও মেরামত, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে (২৪ ঘণ্টা) চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিক্যাল অফিসার পদায়ন/সংযুক্তি প্রদান, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ফ্ল্যাটগুলোয় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত ভবনগুলোর জন্য নির্ধারিত জনবল আগের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, ওই এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব কমিটি গঠন করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ