চট্টগ্রাম রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণের বার

বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণের বার

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২৬ | ১:৪৯ অপরাহ্ণ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ১৫৩টি সোনার বার জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

 

শনিবার (২৮ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২-এ অবতরণ করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগ থেকেই নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ফ্লাইটটির কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডে থাকা একটি টয়লেটের প্যানেল খুলে দেখা হলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ১৫৩টি স্বর্ণের বার পাওয়া যায়। বিমানের কারিগরি দলের সহায়তায় প্যানেলটি খুলে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। সে হিসেবে মোট ওজন দাঁড়ায় ১৭.৭৮৪ কেজি।

 

উদ্ধার হওয়া স্বর্ণগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট